বাংলাদেশে প্রতি বছর ২৮ এপ্রিল ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত হয়। এটি মূলত আর্থিকভাবে অসচ্ছল, অসহায় এবং বিচার প্রাপ্তিতে অসমর্থ নাগরিকদের সরকারি খরচে আইনি সহায়তা প্রদানের একটি বিশেষ উদ্যোগ। ২০০০ সালে সরকার ‘আইনগত সহায়তা প্রদান আইন’ প্রণয়ন করে এবং ২০১৩ সাল থেকে দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালিত হয়ে আসছে।

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ মো. গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলী মাসুদ শেখ, পারিবারিক আপিল আদালতের বিচারক মো. কেরামত আলী, শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. তাজুল ইসলাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম শাখাপি ইবনে সাজ্জাদ, জেলা লিগ্যাল এইড অফিসার লাবনী সুলতানা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, সুবিধাভোগী বেগম আলিয়া খাতুন ও শাকিল আহমেদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র সহকারী জজ (সদর) মো. মাসুদ রানা।

এর আগে দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। জেলা ও দায়রা জজ মো. গোলাম কবিরের নেতৃত্বে র‍্যালিটি আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

শান্তির প্রতীক হিসেবে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে আইনজীবী প্যানেলের সদস্য এ কে এম জিল্লুর রহমান ও রুত সোভা মণ্ডলকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এই দিবসের মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে আইনি অধিকার সম্পর্কে সচেতন করা এবং বিনামূল্যে আইনি পরামর্শ ও মামলা পরিচালনার সুযোগ পৌঁছে দেওয়া। সারা দেশে র‍্যালি, সেমিনার এবং লিগ্যাল এইড মেলার মাধ্যমে সাধারণ জনগণকে জানানো হয় যে, অর্থকষ্টের কারণে বিচার পাওয়ার অধিকার থেকে কেউ বঞ্চিত হবে না। বর্তমানে জাতীয় হেল্পলাইন নম্বর ১৬৬৯৯-এর মাধ্যমেও এই সেবা সহজলভ্য করা হয়েছে।