
“যারা নিজেদের ধন-সম্পদ রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তাদের জন্য তাদের পালনকর্তার কাছে পুরস্কার রয়েছে।” (সূরা আল-বাকারা, আয়াত: ২৭৪)
গাংনী প্রতিবন্ধী বিদ্যালয়ের কাজকে আরো বেগবান করতে পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি হতে কম্পিউটার এবং প্রিন্টার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার জনাব, আনোয়ার হোসেন মহোদয়। এই মহতী উদ্যোগে পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে বিদ্যালয়ের ব্যবহারের জন্য একটি আধুনিক কম্পিউটার ও প্রিন্টার হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির এই মানবিক ও শিক্ষার্থীবান্ধব উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “প্রতিবন্ধী শিশুরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে আইসিটি শিক্ষার কোনো বিকল্প নেই। এই কম্পিউটার ও প্রিন্টার শিক্ষাদানের প্রক্রিয়াকে আরও সহজ ও আনন্দদায়ক করবে।” এর পাশাপাশি তিনি সমাজের অন্যান্য বিত্তবান ও স্বেচ্ছাসেবী সংগঠনকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।
পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মহোদয় জানান, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মূল স্রোতধারায় ফিরিয়ে আনা এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তাদের অংশীদার করতেই এই ক্ষুদ্র প্রয়াস। বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী ও পরিচালনা পর্ষদ এই উপহারের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, নতুন এই কম্পিউটার ও প্রিন্টার পাওয়ার ফলে এখন থেকে শিক্ষার্থীরা হাতে-কলমে তথ্যপ্রযুক্তির প্রাথমিক শিক্ষা গ্রহণ করতে পারবে, যা তাদের আত্মনির্ভরশীল হতে দারুণভাবে সাহায্য করবে।



